আধুনিক কর্মপরিকল্পনায় বৈশ্বিক মান অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ: সোহেল
- জাতীয় ডেস্ক
- রোববার ০৮ নভেম্বর ২০২৬ ১০:১৮ পিএম
- জাতীয়
আধুনিক প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ ও দূরদর্শী কর্মপরিকল্পনার সমন্বয়ে ব্যবসায়িক কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেছে অতিথি গ্রুপ। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির সেলস ম্যানেজারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ও ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে দিনব্যাপী এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম সোহেল বলেন, ‘সমকালীন বৈশ্বিক বাণিজ্যের গতিপ্রকৃতি কোনো নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ নেই। এটি দ্রুত পরিবর্তিত হচ্ছে। চতুর্থ শিল্পবিপ্লবের এই প্রযুক্তিনির্ভর যুগে প্রচলিত বিপণন কৌশলের ওপর নির্ভর করে টিকে থাকা সম্ভব নয়। বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে হলে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত হতে হবে।’
গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, ‘একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি শুধু অবকাঠামো বা মূলধন নয়, বরং দক্ষ ও দূরদর্শী মানবসম্পদ। সততা, করপোরেট নৈতিকতা এবং আধুনিক কর্মপরিকল্পনার সমন্বয়ে আমরা অতিথি গ্রুপকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে একটি নির্ভরযোগ্য ও প্রথম সারির ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেডের পরিচালক (প্রশাসন) লায়ন ড. মো. সিরাজুল ইসলাম, পরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) লায়ন এস এস ফেরদৌস, লায়ন মো. নূরনবী মৃধা, অতিথি প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী, অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান লায়ন এস এম শাহীন এবং অতিথি মিডিয়া অ্যান্ড পাবলিকেশন লিমিটেডের পরিচালক লায়ন মো. ইসমাইল মিয়া।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে গ্রাহকসেবার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দক্ষ ও গতিশীল জনবলই পারে বৈশ্বিক প্রতিযোগিতায় একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে। সততা ও আন্তরিকতার সঙ্গে নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে অতিথি গ্রুপের অগ্রযাত্রা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিথি গ্রুপের নির্বাহী পরিচালক লায়ন ড. মো. আশরাফুর রহমান। তিনি বলেন, ‘একটি গতিশীল প্রতিষ্ঠানের মূল ভিত্তি দক্ষ ও পেশাদার জনবল। সময়ের সঙ্গে তাল মিলিয়ে কর্মীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। টেকসই প্রবৃদ্ধি অর্জনে নিয়মিত প্রশিক্ষণ ও জ্ঞানচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া কর্মকর্তাদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের আহ্বান জানান তিনি।
দিনব্যাপী এ আয়োজনে ছিল নিবিড় প্রশিক্ষণ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন এবং উন্মুক্ত মতবিনিময় পর্ব। এতে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও উদ্যোক্তারা অংশ নেন। আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণ ও পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে অতিথি গ্রুপের কর্মদক্ষতা, গ্রাহকসেবার মান এবং ব্যবসায়িক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
