কর্মসংস্থান ও পর্যটনে অবদান রাখবে অতিথি ডট কম: সাইফুল ইসলাম সোহেল

সর্বাধুনিক অ্যাপভিত্তিক নেটওয়ার্কের মাধ্যমে দেশব্যাপী বিশ্বমানের ভ্রমণসেবা নিশ্চিত ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে ‘অতিথি ডট কম’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশেষ ‘অতিথি ওভারভিউ ও প্রশিক্ষণ কর্মশালা’।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)। অনুষ্ঠানে তিনি অতিথি গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশের অর্থনীতিতে এর সম্ভাব্য অবদান নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

লায়ন সাইফুল ইসলাম সোহেল বলেন, সাধারণ মানুষের ভ্রমণ ও বুকিং সুবিধা সহজলভ্য করার পাশাপাশি আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে কাজ করছে ‘অতিথি ডট কম’। দেশীয় পর্যটন খাতের উন্নয়নের পাশাপাশি প্রযুক্তিনির্ভর এই প্ল্যাটফর্ম তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে।

তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্য রয়েছে অতিথি গ্রুপের। এ উদ্যোগ হাজার হাজার তরুণের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলবে। একই সঙ্গে বেকারত্ব কমানোর পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতেও ভূমিকা রাখবে।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় ‘অতিথি ডট কম’ বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হবে।

অতিথি ওভারসিস লিমিটেডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) লায়ন আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়ার অ্যাডমিরাল আবু তাহের (অব.), সাবেক নৌবাহিনী প্রধান ও অতিথি লিমিটেডের উপদেষ্টা; ড. মো. আশরাফুর রহমান, অতিরিক্ত আইজিপি (পিআরএল), বাংলাদেশ পুলিশ; লায়ন মো. নূরনবী মৃধা, পরিচালক, অতিথি লিমিটেড; লায়ন ড. মো. সিরাজুল ইসলাম (অব.), পরিচালক (প্রশাসন), অতিথি লিমিটেড; ব্রিগেডিয়ার জেনারেল এস এস ফেরদৌস (অব.), পরিচালক (অপারেশন), অতিথি লিমিটেড এবং অতিথি মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্সের পরিচালক লায়ন মো. ইসমাইল মিয়া।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উপদেষ্টা ও পরিচালকরা বক্তব্য দেন। তারা বলেন, বিশ্বদরবারে বাংলাদেশের পর্যটনকে আরও কার্যকরভাবে তুলে ধরতে প্রযুক্তিনির্ভর ও নিরাপদ সেবা নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা জোরদার করা প্রয়োজন।

তাদের মতে, পর্যটন খাতের সঙ্গে করপোরেট সেক্টরের সমন্বয় বাড়ানো গেলে দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। একই সঙ্গে দেশীয় সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও মানসম্মত সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে বক্তারা ‘অতিথি ডট কম’-এর মাধ্যমে পর্যটনসেবা সহজলভ্য করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতিতে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত অতিথি, উপদেষ্টা ও পরিচালকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানের আহ্বায়ক ও প্রতিষ্ঠানের উপ-পরিচালক (ডেভেলপমেন্ট) লায়ন তাজুল ইসলাম।

তিনি বলেন, সবার আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনাকে কাজে লাগিয়ে আগামী দিনে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে।